দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত পৃথক সমাবেশে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তির ওপর দাঁড়িয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান জানান। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ও মন্ত্রিবর্গ জনগণের প্রত্যাশা পূরণ, কৃষির টেকসই উন্নয়ন, মাদক-দুর্নীতি নির্মূল এবং সামাজিক সংহতি বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিভেদ ভুলে, সুশৃঙ্খল ও সততার রাজনীতির মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থাকার বার্তা দেয়া হয়।

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা জানান, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিশাল আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তিনি নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ওসি মো: হাফিজুর ইসলাম হারুন, উপজেলা বিএনপি সভাপতি সেলিম কারনায়েন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ও গোলাম রব্বানী পুতুলসহ প্রশাসনের কর্মকর্তারা।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি বলেন, জনগণই ক্ষমতার প্রকৃত উৎস এবং সরকার কৃষকের সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। সভাপতির বক্তব্যে উদবাতুল বারী আবু ও সঞ্চালক ইউসুফ মোল্লা টিপুসহ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বক্তারা বিভেদ ভুলে আইনের শাসন ও ভোটাধিকার পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

শরীয়তপুর প্রতিনিধি জানান, নড়িয়া উপজেলা পরিষদের সামনে আয়োজিত সমাবেশে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরন নেতাকর্মীদের উদ্দেশ্যে সততার রাজনীতি করার নির্দেশ দেন। তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ড, দখলদারি বা সালিস-বাণিজ্যের দায় দল নেবে না। তিনি এক সপ্তাহের মধ্যে স্থানীয় বিদ্যালয়ের সড়ক সংস্কারের নির্দেশ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী সামছুল আলম দাদন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, স্থানীয় পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাবউদ্দিন এবং সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্ছু মোল্লাসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

নাটোর প্রতিনিধি জানান, আলাইপুর উপশহর মাঠ থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্র বিএনপিকে ধ্বংস করতে পারেনি। পরে তিনি সড়ক বিভাজকে বৃক্ষরোপণ করেন। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও আসাদুজ্জামান আসাদের পরিচালনায় স্থানীয় শীর্ষ নেতার সভায় বক্তব্য রাখেন।

ঝালকাঠি প্রতিনিধি জানান, জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। অপর এক কর্মসূচিতে রাজাপুরে সংসদ সদস্য মো: রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, কমলনগর উপজেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষমতার দাপট চিরস্থায়ী নয়, তাই গণমানুষের আস্থা অর্জনে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এতে স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বৃষ্টি বিঘিœত আবহাওয়ার কারণে শোভাযাত্রা স্থগিত রেখে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সংক্ষিপ্ত কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি বহুদলীয় গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন।

বেলাবো (নরসিংদী) সংবাদদাতা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে নরসিংদীর বেলাবোতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তিনি আড়িয়াল খাঁ নদে মৎস্য পোনা অবমুক্ত করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আহসান হাবীব বিপ্লবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি ও নবাবগঞ্জ সংবাদদাতা জানান, দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজিত আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কখনো খাটো করা যাবে না। উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্থানীয় ডাকবাংলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট প্রতিনিধি জানান, শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বের হওয়া শোভাযাত্রা ও জেলা সার্কিট হাউজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত করার আহ্বান জানানো হয়। সূর্যোদয়ে পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, শহীদ সৈকত চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপ্পন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুবদল আহ্বায়ক রাশেদুর রহমান, কামরুল হাসান, কৃষক দল আহ্বায়ক ইমদাদুল হক, রাজ্জাকুল ইসলাম, সাজ্জাদুর রহমান, নাসির উদ্দীন আনজু ও ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী। সভা শেষে এমপি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, কিষান মার্কেটের সামনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এমপি তমিজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের রায়ে পুনর্নির্বাচিত হয়ে প্রমাণ করেছে এটি সাধারণ মানুষের দল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, রকিবুর রহমান খাঁন ফরহাদ, ফরহাদ হোসেন, রেজুওয়ান আহমেদ রবিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, আনোয়ার জাহিদ তালুকদার, রফিকুল ইসলাম শোয়েব, মারুফ সিকদার ও ফিরোজ খান বাবু।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদের প্রধান গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপাশা চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার তাগিদ দেন। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপি সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো: ফরিদ উদ্দিন ও যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার। বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার তাগিদ দেন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে পৃথক তিনটি বলয়ে বিভক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বাজিতপুরে ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালিত হয়। নিকলীতেও উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এহসানুল হুদার সমর্থক ও বহিষ্কৃত অংশ আলাদা কর্মসূচি পালন করে। একই আসনে একাধিক বলয়ের পৃথক উপস্থিতি স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।