চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোটে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন সীমান্তবর্তী পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী হলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের লিটন মোল্লা (৩২)। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মোল্লা স্পিডবোটে ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে ফারুক মোল্লার চরের কাছে পৌঁছালে একটি ডাবল ইঞ্জিনচালিত স্পিডবোটে থাকা ৮-১০ জনের একটি ডাকাতদল তাদের ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে স্পিডবোটের চালক সঞ্জিত খালাসী কাশবনের দিকে নৌকাটি নিয়ে পালিয়ে যান। তবে একমাত্র যাত্রী লিটন মোল্লা ডাকাতদের কবলে পড়েন।
ডাকাতরা লিটনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্পিডবোটের প্রায় চার লাখ টাকার ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে নেয়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে ধারাল অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করা হয়। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, পদ্মা নদীতে এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নৌপথে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ডাকাতদল পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।



