প্রশাসন ব্যর্থ হলে নিজস্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান : সেলিম উদ্দিন

Printed Edition
উত্তরার দক্ষিণখানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মোহাম্মদ সেলিম উদ্দিন  : নয়া দিগন্ত
উত্তরার দক্ষিণখানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিদ্যমান প্রশাসনের প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম থাকা সত্ত্বেও তারা কার্যকর কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার উত্তরা দক্ষিণখান পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডের বিদুরপাড়া জামে মসজিদ-সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের শেষ দিনে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দিনের অভিযানের সমাপনী দিনে সেলিম উদ্দিন বলেন, সিটি করপোরেশনকে আগামী দুই দিনের সময় দেয়া হচ্ছে। এর মধ্যে তারা এই এলাকার বাকি বর্জ্য না সরালে নিজেদের উদ্যোগে আবারো পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। নাগরিকদের হাঁটার ফুটপাথ ও মসজিদের পবিত্রতা নিশ্চিত করতে দ্রুত ময়লা অপসারণের তাগিদ দেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেলিম উদ্দিন জানান, সঠিক পরিকল্পনার অভাবে বর্জ্য পুনর্ব্যবহারের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। জামায়াতে ইসলামী বর্জ্য প্রক্রিয়াজাত করে কলম তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে, যা পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

ডিএনসিসির মেয়র পদপ্রার্থী আরো বলেন, দুর্নীতি ও অনিয়ম রোধ করতে পারলে দেশের গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের সমাধান সম্ভব। একইসাথে ঢাকাকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজের বিদেশমুখী প্রবণতা কমানোর প্রতি জোর দেন তিনি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর উত্তরা পূর্ব ও পশ্চিম জোনের পরিচালক মো: জামাল উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা: হাবিবুর রহমান এবং দক্ষিণখান পূর্ব থানার আমির মো: আবু সাঈদসহ দলটির অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।