রাজশাহী ব্যুরো
মৎস্যচাষিদের উৎসাহিত করতে সহজ শর্তে বিনাসুদে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, মৎস্যচাষিদের আর্থিক সহায়তার পাশাপাশি আধুনিক মাছ চাষে প্রশিক্ষণ, উৎপাদিত মাছের ন্যায্যমূল্য এবং জলাশয় সংরক্ষণ নিশ্চিত করা গেলে দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতি ও কর্মসংস্থানে এ খাতের অবদান আরো বাড়বে।
রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত র্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নদী, খাল, বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। ক্ষুদ্র মৎস্যচাষিদের ঋণের অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে চাষিবান্ধব অর্থায়ন ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, পানির গুণগত মান রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ দেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় সংরক্ষণ ও সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, অব্যবহৃত ও ভরাট হয়ে যাওয়া জলাশয়গুলো সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে হবে। মাছের প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ ধরা বন্ধ এবং উপযুক্ত সময়ে মাছ আহরণের জন্য সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
বিষ প্রয়োগ, অবৈধভাবে মাছ নিধন ও মাছ চুরি বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান মুজিবুর রহমান। তার মতে, মৎস্যচাষিদের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। একই সাথে প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে তরুণদের মৎস্যচাষে যুক্ত করে উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে।
অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: অহেদুজ্জামান।
মৎস্যচাষী ও মৎস্যজীবীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো: নঈমুদ্দীন, মো: হাফিজুর রহমান ও মো: মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে মৎস্যক্ষেত্রে অবদানের জন্য সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। কার্পজাতীয় মাছ উৎপাদনে মো: বাসেদ আলী এবং মাছের পোনা উৎপাদনে মো: হাফিজুর রহমান (বাদশা) ও মো: দেলোয়ার হোসেনকে পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সরকারি কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী ও সাধারণ মানুষকে মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



