বিশেষ সংবাদদাতা
রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক- বেসিক, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক তিনটি চিঠি দেয়া হয়েছে।
গতকাল জারি করা চিঠিতে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান খান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জসীম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সম্মতি বা সুপারিশ জানানো হয়।
চিঠিগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ বা সম্মতি জ্ঞাপন করা হলো। একই সাথে ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের দায়িত্বে বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়ানো এবং নতুন নেতৃত্ব আনার ক্ষেত্রে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও পরিচালন দক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তনের এই উদ্যোগকে ব্যাংক খাতে সরকারের চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া কিভাবে হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ও অর্থ মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে নতুন নেতৃত্ব নির্ধারণের বিষয়টি।



