নিজস্ব প্রতিবেদক
পুশইন ও সীমান্তহত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ, একই সাথে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্রনীতি গ্রহণের জোর দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।
গতকাল মঙ্গলবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এ দাবি জানানো হয়।
সভায় বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশইন, সীমান্ত হত্যা, দেশের আইনশঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমেক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বেল্লাল মিয়াজি, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ।



