নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত ওই কর্মকর্তার নাম ওসমান গনি। তিনি পুলিশের সাব ইন্সপেক্টর। বর্তমানে ঢাকা বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত রয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের, ৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি ছিনতাই নয়, পূর্ব শত্রুতার জেরে ঘটে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী ও থানার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সাথে নিয়ে কাচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি। আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পুলিশ কর্মকর্তার পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। তার পুরো পিঠজুড়েই ক্ষত তৈরি হয়েছে।
তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সাথে কথা বলে মনে হয়েছে এটি পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এসি মামুন আরো বলেন, গত বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার মোবাইল ফোনে যোগাযোগ করে তার বাসার গেটের সামনে পাসপোর্টের বিষয়ে কথা বলে। ভুক্তভোগীর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।



