বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পৃথক দু’টি ঘটনায় দুইজনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে এক বিএনপি নেতার মৃত্যু এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু ঘটেছে। দু’টি ঘটনাই স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিরচর ইউনিয়নের ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাতিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাসেম আলী (৫৫) নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে ঘোড়াউত্রা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। অনেকে বলছেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে আরো বড় ধরনের সঙ্ঘাতের সৃষ্টি হতে পারে। একইসাথে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
নিকলী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। তবে নিহত কাসেম আলীর শরীরে প্রাথমিকভাবে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



