রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার (৩০) বিরুদ্ধে অর্ধশতাধিক আমানতকারী গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকরা তাদের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সাল থেকে শিহাব প্রধান ডাকঘরে দৈনিক ভিত্তিক (হেল্পিং হ্যান্ড) কাজ করতেন। তিনি আমানতকারীদের মেয়াদি হিসাব খোলার কথা বলে সাদা সিøপের মাধ্যমে টাকা নিতেন। কিন্তু সেই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে আত্মসাৎ করেন। গত ১২ জুলাই কুষ্টিয়া বিভাগীয় পোস্টাল সুপারিন্টেন্ডেন্ট তদন্তে এসে শিহাবকে হাতেনাতে ধরলেও পুলিশে না দিয়ে ছেড়ে দেন। এরপর থেকেই তিনি পলাতক। গ্রাহকরা বই নিতে এলে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।
এ ঘটনা তদন্তে খুলনা দক্ষিণাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল কবির আহমেদ গত ১৬ জুলাই চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে দায়-দায়িত্ব নির্ধারণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নবাগত পোস্ট মাস্টার শামীম আহমেদ জানান, কুষ্টিয়া ও খুলনা সার্কেল অফিসের নির্দেশে তদন্ত চলছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। তবে সদ্য বিদায়ী পোস্ট মাস্টার বিকাশ বিশ্বাস এই আত্মসাতের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।



