তানোরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ কার্যালয় খুলে আনন্দ

Printed Edition

রাজশাহী ব্যুরো

দীর্ঘদিন পর রাজশাহীর তানোর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এ অফিস খোলা হয়।

পরে সেখানে খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সেখানে খিচুড়ি পার্টির আয়োজন করে আনন্দ শুরু করেন। আওয়ামী লীগের একজন কর্মী ভিডিও ধারণ করে পরে রাতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অনেকদিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস। আমরা আজ ওপেনিং করলাম। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে।’

ওই আওয়ামী লীগ কর্মী আরো বলেন, ‘তারেক জিয়াকেও বলি, আপনি তারেক জিয়া এগিয়ে যান। যদি কোনোদিন আপনার কোনো সমস্যা হয়, বঙ্গবন্ধুর সৈনিকদের স্মরণ করবেন। পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা ব্যর্থ হবে না।