পুরনো দুর্নীতির ভূত ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে : মামুনুল হক

Printed Edition
ডুমুরিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মামুনুল হক :  নয়া দিগন্ত
ডুমুরিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মামুনুল হক : নয়া দিগন্ত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের ভূত আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, এক সময় দেশের রাজনীতিতে সন্ত্রাস ও গুণ্ডামির ভূত এবং লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির ভূত ছিল, এখন সেই চক্র আবার ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে।

তিনি গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া উপজেলা আয়োজিত খুলনা-৫ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী সভায় এ কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা সচল থাকলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না। তিনি একটি উপমা টেনে বলেন, পাঁচ ভাই-বোন সারা দিন পরিশ্রম করে যা আয় করে, রাতের অন্ধকারে একজন সব লুট করে নেয়, তা হলে সেই সংসারে কখনো স্বাচ্ছন্দ্য আসতে পারে না। আজ বাংলাদেশে একই অবস্থা।

বাংলাদেশ খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, খুলনা জেলা বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা শরিফুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ডুমুরিয়া উপজেলা জামাতের আমির মাওলানা মুখতার হোসাইন, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা: হরিদাস মণ্ডল, ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর একরাম উদ্দিন সুমন, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, হিন্দু কমিটির উপজেলা সেক্রেটারি দেব প্রসাদ মণ্ডল, ভাণ্ডারপাড়া ইউনিয়ন সভাপতি ডা: নিত্যরঞ্জন রায়, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রশিদ বিশ্বাস প্রমুখ।

মাওলানা মামুনুল হক আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তন হয়নি। আগে বিদেশী শাসকরা এ দেশের সম্পদ লুটে নিজেদের দেশে নিয়ে যেত, এখন দেশীয় শাসকরা সেই সম্পদ বিদেশে পাচার করে। বছরে কোটি কোটি, লাখো কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। এ প্রেক্ষাপটে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ঐক্যের পক্ষে ভোট চান তিনি।

এর আগে সকালে বাদামতলা চক্ষু হাসপাতাল মোড়ে মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। চক্ষু হাসপাতাল খুলনার চেয়ারম্যান মুন্সি মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লা। আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী। খানজাহানআলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। থানা সেক্রেটারি গাজী মরশেদ মামুন।