ক্রীড়া ডেস্ক
ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই তালিকায় রয়েছে চীনের সাবেক জাতীয় দলের প্রধান কোচ লি তিয়েসহ একাধিক প্রভাবশালী কর্মকর্তা। একই অপরাধে শাস্তি দেয়া হয়েছে দেশটির ১৩টি শীর্ষ পেশাদার ফুটবল ক্লাবকে। সিএফএ জানিয়েছে, ‘ব্যবস্থাগত পর্যালোচনার’ পর এসব শাস্তি দেয়া হয়েছে। ফুটবলে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের জাতীয় দলের কোচ ছিলেন সাবেক এভারটন ফুটবলার লি তিয়ে। ঘুষ গ্রহণের দায়ে তিনি ইতোমধ্যে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এবার তাকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো। একই শাস্তি পেয়েছেন সিএফএর সাবেক চেয়ারম্যান চেন সুইয়ুয়ানও। যিনি প্রায় এক কোটি ১০ লাখ ডলার ঘুষ নেয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।



