বাঁশখালীতে মাছের ঘের নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত

তিন জেলায় ৪ লাশ উদ্ধার

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া তিন জেলায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বাঁশখালীর সরলে মাছের ঘের দখল নিয়ে গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জিল্লুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে সরল ইউপির পশ্চিম সরল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত জিল্লুর রহমান পশ্চিম সরল এলাকার আবদুল আলীমের ছেলে। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাছের ঘের দখল নিয়ে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষের এক পর্যায়ে জিল্লুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

থানা সূত্রে জানা যায়, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকাল থেকে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সরলের খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। আইনশৃঙ্খলার বিঘœতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে বিদায়ী পোস্ট দেয়ার একদিন পর খাল থেকে সাব্বির আহমেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সাব্বির আহাম্মেদ উপজেলার বাঁশিল গ্রামের সুলতান আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খালে সাব্বিরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার সাব্বির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী বার্তা পোস্ট করেন বলে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

প্রসঙ্গত, সাব্বির আহাম্মেদের বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় ১৪ বছর আগে। তারপর থেকে সে তার খালার কাছে লালিত পালিত হয়।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঢাকা জেলা প্রতিনিধি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সকালে ঝিলমিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত প্লটের জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়। পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে কোনো একসময় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার পর বোনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, পৃথক এক ঘটনায় জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার নারায়ণহাট ও লেলাং ইউনিয়নে পৃথক এ ঘটনা দু’টি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো: রফিক (৬৫) ও তার বোন রাজু বেগম একই ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভিটেমাটি ও জায়গাজমি বণ্টন নিয়ে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভাইবোনের মধ্যে তীব্র বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে চিল্লাচিল্লির শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটেরা এগিয়ে এলে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়রা খবর দিলে নিহতের সন্তানরা এসে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেন। খবর পেয়ে শুক্রবার সকাল ৬টার দিকে ভুজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

অপর দিকে, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়। নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষিশ্রমিকের কাজ করতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্ন্যাসীরহাট সংলগ্ন এলাকায় একটি কৃষিজমিতে কাজ করতে নামেন। জমিতে আগেই একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও তা কারও নজরে পড়েনি। কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মারা যান।