বসুন্ধরা কিংস ও পুলিশ জয়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রায় এক মাস পর গতকাল ফের শুরু হয়েছে ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ ফুটবল। লম্বা বিরতির পর শুরু হওয়া এই আসরে গতকাল দুই ম্যাচেই জয় পরাজয়ের ঘটনা ঘটেছে। এতে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তারা ৫-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। অন্য ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ২-১ গোলে জয় বাংলাদেশ পুলিশের। জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে কোয়ালিফায়ারের পথে আরো এগিয়ে গেল এই দুই দল। ৩ খেলায় ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পুলিশ। তাদের ভাণ্ডারে ৬ পয়েন্ট। এর পরেই বসুন্ধরা কিংসের অবস্থান। তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। অন্য দিকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ফর্টিসের বিদায় নিশ্চিতই। খেলাও শেষ হয়েছে তাদের। মানে চার খেলা খেলে ফেলেছে তারা। ফর্টিসের সাথে সমান ৫ পয়েন্ট সাবেক চ্যাম্পিয়ন মোহামেডানের। তাদের এক খেলা বাকী আছে। ২১ এপ্রিল আরামবাগের বিপক্ষে সাদা কালোদের ম্যাচ। আলফাজ আহমেদ বাহিনী এই ম্যাচে জিতলে টপকে যাবেন ফর্টিসকে। ড্র করলেও তাই। একই দিন বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশের ম্যাচ। সে ম্যাচে যারা জিতবে তারাই হবে গ্রুপ সেরা। উল্লেখ্য দুই গ্রুপের দুই সেরা দল ফাইনালে যাওয়ার কোয়ালিফায়ার ওয়ানে খেলবে। রানার্সআপ হওয়া দুই দল খেলবে কোয়ালিফায়ার টুতে। এর পর কোয়ালিফায়ার ওয়ানের হেরে যাওয়া দল ও টু এর জয়ী দল কোয়ালিফায়ার থ্রি-তে খেলতে।

কাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জোড়া গোল করেছেন বসুন্ধরা কিংসের ডরিয়েলটন গোমেজ। ১৬ ও ৫৫ মিনিটে এই স্ট্রাইকারের এই দুই গোল। একটি করে গোল ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও মোহাম্মদ সোহেল রানা। ফাহিমের গোল ২২ মিনিটে। ৫২ মিনিটে বল জালে পাঠান নাইজেরিয়ান সানডে। ৬৬ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মিডফিল্ডার সোহেল রানা।

কিংস এরিনায় ওকাফোরের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ফর্টিস এফসি। তবে বিরতির পর জ¦লে উঠে সমতা আনার পাশাপাশি জয়ও নিশ্চিত করে পুলিশ। ৬৬ মিনিটে কাগিমো স্কোর ১-১ করার পর ৭৯ মিনিটে দলের জয় নিশ্চিত করেন রাব্বী হোসেন রাহুল।