আরিয়ানা নিউজ
চীন থেকে ছেড়ে আসা একটি ট্রানজিট পণ্যবাহী ট্রেন ইরান হয়ে সরাসরি আফগানিস্তানের হেরাত প্রদেশে পৌঁছেছে। পথে কোনো পয়েন্টে পণ্য খালাস বা স্থানান্তরের ঝামেলা ছাড়াই সরাসরি বেইজিং থেকে আফগানিস্তানে রেলপথে মালামাল পরিবহনের প্রথম ঘটনা এটি। গত রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক খবরে এই সম্পর্কিত সার্বিক তথ্য নিশ্চিত করা হয়েছে। আফগান সংবাদমাধ্যম ‘আরিয়ানা নিউজ’ সূত্রে খবরটি সামনে আসে।
ইরান-আফগানিস্তান রেল করিডোরের প্রধান মুস্তাফা রেজায়ি জানান, ৫০০ টন এমডিএফ বোর্ডের বিশেষ চালানটি চীনে ট্রেনে বোঝাই করা হয়। এরপর মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান ও ইরানের অভ্যন্তরীণ রেলপথ অতিক্রম করে ‘খাফ-হেরাত’ রুটের মাধ্যমে ট্রেনটি হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে এসে পৌঁছায়। ইরানের ভূখণ্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বেইজিং ও হেরাতের মধ্যে সরাসরি এই রেল যোগাযোগ প্রথাগত সমুদ্র বা সড়কপথের তুলনায় বাণিজ্য পরিবহন সময় ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।



