দেশের প্রতিটি জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
বৃহস্পতিবার দিনাজপুর সঙ্গীত কলেজে আয়োজিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন তিনি। ভিসি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনই একটি জাতির টেকসই অগ্রগতির ভিত্তি। সে লক্ষ্যেই শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ড. আমানুল্লাহ বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মনন, ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সঙ্কট কাটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা বাস্তবায়নের পথে এগোচ্ছে। প্রচলিত শিক্ষাব্যবস্থায় কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা। বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো গেলে দেশের রেমিট্যান্স আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মত দেন ভিসি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য আরবি এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে ওই অঞ্চল থেকে বর্তমান ১০-১২ বিলিয়ন ডলারের পরিবর্তে ২৪-২৫ বিলিয়ন ডলার পর্যন্ত রেমিট্যান্স অর্জন সম্ভব।
আলোচনা সভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ ও ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ভিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নওশের ওয়ান। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



