ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপ নিয়ে সম্প্রতি যে উত্তাপ ছড়িয়েছে, সেটির রেশ এবার পড়ল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটেও। ভারতীয় ক্রিকেট দলের নাটক চলছেই। এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের সাথে যেমনটা করেছিল, এবার বাংলাদেশ দলের সাথেও তারই পুনরাবৃত্তি করল ভারত। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে রয়েছে ভারতও। আসরে গতকাল প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল যুব টাইগাররা। ম্যাচ শুরুর আগে টস করে আয়ুশ মাত্রেকে দেখা গেল আজিজুল হাকিমের সাথে হাত না মিলিয়ে এড়িয়ে যেতে। কোন দলের সিদ্ধান্তে ‘নো হ্যান্ডশেক’ তা স্পষ্ট না হলেও সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের সাথে একই আচরণ ছিল ভারতীয়দেরই। তবে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাত না মেলানোর বিষয়টি ছিল অনিচ্ছাকৃত।
জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বৃষ্টির কারণে টস হয়েছে দেরিতে। ম্যাচের মাঝেও বাগড়া দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত ১ ওভার কমিয়ে ৪৯-এ নামিয়ে আনা হয় ম্যাচ। বাংলাদেশী বোলার আল ফাহাদের দুর্দান্ত বোলিংয়ে এর আগেই ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত। অভিজ্ঞান কুণ্ডুর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। ৭২ রান বৈভব সূর্যবংশীর। ৩৮ রানে ৫ উইকেট নেন ফাহাদ।



