কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় কামরুল ইসলাম মধু মেম্বার নামে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত কামরুল ইসলাম মধু সালুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক। গত শুক্রবার বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া আনামুখধোয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সালুয়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মো: রাসেল ও তাজুসহ একটি চক্র দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের সমাজবিধ্বংসী মাদক কেনাবেচা এবং সেবন করে আসছিল। মাদক কারবারের পাশাপাশি এই চক্রটি এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং একাধিক চুরি-ছিনতাইয়ের ঘটনার সাথেও জড়িত। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
স্থানীয়দের অভিযোগ, এই চক্রের বিরুদ্ধে বারবার পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়া হয়নি। ফলে দিন দিন তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।



