শাহজালাল বিমানবন্দর নীরব এলাকা ঘোষণা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

গতকাল ডিএনসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদফতরের সমন্বয়ে গুলশান-২ গোল চত্তরে আয়োজিত শব্দ সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান এ ঘোষণা দেন। তিনি বলেন, আজ থেকে এটি নীরব এলাকা। এখানে কোনো শব্দ দূষণ থাকবে না। কেউ যদি আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।

প্রশাসক বলেন, আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতায় কিছুটা হলেও শব্দ দূষণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ সম্ভব।

এ সময় প্রশাসক জানান, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা নীরব এলাকা হিসেবে ঘোষিত এবং এসব এলাকার সোসাইটির সহযোগিতায় নগরবাসীর জন্য ডিএনসিসি শব্দ দূষণ ও বায়ু দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট রয়েছে। তিনি আরো বলেন, আমরা বলছি না একদিনেই এটা শতভাগ শেষ করা সম্ভব, তবে নগরবাসীর সহযোগিতায় আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে।