ব্যাংকক পোস্ট
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা গতকাল সোমবার সকালে প্যারোলে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে তিনি রাজধানী ব্যাংককের ক্লোংপ্রেম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।
কারাফটকে তাকে স্বাগত জানান পরিবারের সদস্য ও সমর্থকরা। বেরিয়ে এসে তিনি পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন। সেখানে তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা উপস্থিত ছিলেন। থাকসিন নিজের দল ফিউ থাই পার্টি ও রেড-শার্ট সমর্থকদের অভিবাদন জানান। কারাগার থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা শার্ট ও নীল প্যান্ট। ছোট করে ছাঁটা চুলে পাক ধরা ছিল। জাতীয় সঙ্গীত বাজানো হলে তিনি থাই জাতীয় পতাকার প্রতি সম্মান জানান। সকাল ৭টা ৫৬ মিনিটে গাড়িবহর নিয়ে কারাগার এলাকা ছাড়েন তিনি। বিলাসবহুল গাড়ির পেছনের জানালার কাচ নামানো ছিল এবং ধীরগতিতে গাড়িটি সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যায়। তিনি সমর্থকদের শুভেচ্ছা জানান।
থাকসিনের প্যারোলের মেয়াদ আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরে থাকতে হবে। থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অব কারেকশনসের বিধি অনুযায়ী সাধারণ প্যারোল পাওয়া ৮৫৯ জন বন্দীর একজন তিনি। প্যারোলে মুক্তির তিন দিনের মধ্যে তাকে ব্যাংকক প্রবেশন দফতর-১এ হাজিরা দিতে হবে। তার বাসভবন ব্যাং ফ্লাট জেলার বান চান সং লা এলাকায়, যা এই দফতরের আওতাধীন। প্যারোল চলাকালে প্রতি মাসে একবার তাকে হাজিরা দিতে হবে। ৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। সেই সময় সুপ্রিম কোর্ট তাকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছিল। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতে জড়িত থাকার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন।



