ঝালকাঠি প্রতিনিধি
চিকিৎসাজনিত ছুটি নিয়ে বিদেশে যাওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার ৫০ নম্বর কুশঙ্গল নিকাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়শা আক্তার শান্তার বিরুদ্ধে। ছুটির আবেদনে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও বিদেশে যাওয়ার বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের অবসরের পর সেখানে চারজন শিক্ষক কর্মরত ছিলেন। তাদের মধ্যে সহকারী শিক্ষক শায়লা আমিন গত ৩০ মার্চ থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। এর মধ্যেই আয়শা আক্তার শান্তা দুই মাসের চিকিৎসাজনিত ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। স্থানীয়দের দাবি, ছুটি নিয়ে তিনি স্বামীর কাছে বিদেশে পাড়ি জমিয়েছেন।
বর্তমানে মাত্র দু’জন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কাজ চালনা করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের পড়ালেখা দারুণভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশাসনিক বা সরকারি কাজে বাইরে যেতে হলে বিদ্যালয় পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। গত ১৬ জুন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে দেয়া আবেদনে আয়শা আক্তার শান্তা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ১৩ আগস্ট পর্যন্ত ছুটি চান। আবেদনে কর্মস্থল থেকে বাড়ির দূরত্ব ৩০ কিলোমিটার উল্লেখ করে নিয়মিত দায়িত্ব পালন কষ্টসাধ্য বলে জানান তিনি। সরকারি অনুমতি ছাড়া তার এমন বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
অভিযুক্ত শিক্ষিকার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফেরদাউস জানান, চিকিৎসার অনুমোদন পেয়েই তিনি ছুটিতে গেছেন। তবে লোকমুখে শুনেছেন তিনি বিদেশে অবস্থান করছেন। নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



