বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা : হেলপারসহ নিহত ২

অন্যান্য স্থানে মৃত্যু ৩ জনের, আহত ১৮

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। এ ছাড়া রাজবাড়ী, নোয়াখালী ও বাগেরহাটে পৃথক দুর্ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

বগুড়ায় নিহত ২

বগুড়া প্রতিনিধি ও শেরপুর সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁর ধামুইরহাট উপজেলার চানকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) ও বাসের হেলপার একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২১৮৫) মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস (ঢাকা (মেট্রো-ব-১২-৫৪৫৫) দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরো সাত যাত্রী আহত হয়েছেন।

রাজবাড়ীতে সিএনজিচালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালির পাইকারা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ও রাজবাড়ীগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুর রহমান বাবলু (৫৫) পথে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নোয়াখালীতে অটোচালকের মৃত্যু

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কবিরহাট- সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক সেনাসদস্য আহত হন।

নিহত অটোরিকশাচালক মো: আমিনুল হক (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।

বাগেরহাটে নিহত ১

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠিকাদার শেখ শুবাইর রহমান খুলনা সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।