সংসদে সেলিম ভূঁইয়া

ঈদুল আজহায় বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী

Printed Edition

সংসদ প্রতিবেদক

গত ঈদুল আজহার আনন্দের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছিল দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে। চলতি জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও এখন পর্যন্ত তারা মে মাসের বেতন-ভাতা পাননি। ফলে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে বলে সংসদে তীব্র ক্ষোভ জানিয়েছেন কুমিল্লা থেকে নির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এই ঘটনাকে বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য একটি বিশেষ গোষ্ঠীর ‘চক্রান্ত’ বলে অভিহিত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ৭১ বিধিতে দেয়া নোটিশে সেলিম ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

সেলিম ভূঁইয়া ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের আমলের উদাহরণ টেনে বলেন, সে সময়ে মাসের ১৫ তারিখেও ঈদ হলে তার আগেই সেই মাসের বেতন-ভাতা পরিশোধ করা হতো। কিন্তু এখন প্রযুক্তি ও ব্যবস্থার এত উন্নতির পরও কেন প্রতি মাসের বেতন সময়মতো দেয়া সম্ভব হচ্ছে না?