নয়া দিগন্ত ডেস্ক
সারা দেশে হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকায় আর একজন করে সিলেট ও বরিশাল বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৬৫ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৪ শিশুর।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩১ জন।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১২ হাজার ২৮৬ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক লাখ দুই হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮২ হাজার ৭৫৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩২৯ জন, আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ২৫২ জন।
সিলেটে আরো ১ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামের প্রকোপ কমছেইনা। মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিলেটে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৪ মাসের হুমায়রা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।
এ দিকে ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ১৫ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৭ জন। গতকাল এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।



