বিনোদন প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান কিছুদিন পরপর নতুন নতুন মৌলিক গান প্রকাশ করে থাকেন। সেই ধারবাহিকতায় এবার তিনি ‘মন ভালো নাই’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করলেন। গানটি লিখেছেন আহসান কবির, সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। গানটি এরই মধ্যে ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘খুব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যখন চলে যায়, আর ফিরে আসে না। সেই না ফিরে আসায় একজন মানুষের মনের যে কষ্ট তাই এই গানে ফুটে উঠেছে। প্রিয় মানুষ চলে গেলে আর ফিরে না এলে সত্যিই মন ভালো থাকে না। গানটির কথা যেমন সুন্দর সুরটাও চমৎকার। সত্যি বলতে কী এখন তো গান শুধু প্রকাশের জন্যই প্রকাশ করি না, গান যেন শ্রোতাদর্শকের ভালোলাগে সেই ভাবনা মাথায় রেখেই গান করি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’ এদিকে কিছুদিন আগে দুবাইতে একটি স্টেজ শোতে পারফর্ম করে এলেন মনির খান। উল্লেখ্য, ২০০১ সালে প্রেমের তাজমহল’, ২০০২ সালে লাল দরিয়া’ ও ২০০৫ সালে দুই নয়নের আলো’ সিনেমাতে প্লে-ব্যাক করার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। ১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন। ১৯৯১ সালের ৫ সেপ্টেম্বর এখান থেকে এনওসি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় আসার পরও তিনি বেশ কিছু গুরুজনের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কর সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভালো কিছু পেয়েছেন সেগুলো নিজের আয়ত্তে নেয়ার চেষ্টা করেছেন। ১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ বের হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। এতে মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে যান। এরপর মনির খান আর থেমে থাকেননি। তিনি একের পর এক গানের অ্যালবাম বের করেছেন এবং প্রতিটি অ্যালবামে সফলতা পেয়েছেন।



