চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। এ ছাড়া মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়ায়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ঘটনাস্থল থেকে আহত ১৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, যশোর মাগুরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছে পিকআপের ধাক্কায় শাহিন (৫০) নামের এক জল নিহত হয়েছেন। এ ছাড়া পিকআপের ড্রাইভার অহিদুল (৪৫) আহত হয়েছে। নিহত শাহিন কালিগঞ্জ সাতক্ষীরা এলাকার জামশেদ এর ছেলে। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান জানান সোমবার রাত ১২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এলাকায় পাংচার হওয়া একটি বালি ভরা ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় মাগুরা থেকে আসা একটি ফার্নিচার মালবাহী পিকআপ ট্রাকটির পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের মালামালের মালিক শাহীন মারাত্মকভাবে আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।