বিনোদন প্রতিবেদক
ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে সহজ কিছু অভ্যাস মেনে চলেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার কাছে ফিটনেস মানে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি ও ইতিবাচক মানসিকতা বজায় রাখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ফিটনেস রুটিন ও ফ্যাশন ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। নিজেকে কর্মক্ষম রাখতে রাশমিকা তিনটি মূল বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেন নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার এবং পর্যাপ্ত ঘুম। তিনি স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউটের মাধ্যমে শরীরের শক্তি ও সক্রিয়তা বাড়ান। খাদ্যাভ্যাসে খুব বেশি কড়াকড়ি না করে স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণে বিশ্বাসী তিনি। পাশাপাশি শরীরকে পুনরুজ্জীবিত করতে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমকে দৈনন্দিন জীবনের আবশ্যিক অংশ মনে করেন। কেবল ফিটনেস নয়, ফ্যাশনের ক্ষেত্রেও আরাম ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেন রাশমিকা। ব্যক্তিগত জীবনে ঢিলেঢালা কো-অর্ড সেট, ক্রপড টি-শার্ট, জগার্স কিংবা ডেনিমের মতো পোশাকই তার প্রথম পছন্দ। বিমানবন্দরে বা প্রতিদিনের চলাফেরায় কম গয়না ও হালকা সাজে দেখা যায় তাকে। রাশমিকার মতে, পোশাকের আরামের সাথেই জড়িয়ে থাকে মানুষের আসল আত্মবিশ্বাস।



