মৃত্যুবার্ষিকী

আব্দুল হামিদ চৌধুরী

Printed Edition

তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার আব্দুল হামিদ চৌধুরীর ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কুরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

শেরেবাংলা এ কে ফজলুল হক ও মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহকর্মী মরহুম আব্দুল হামিদ চৌধুরী ১৯৩৯ থেকে ১৯৪৭ পর্যন্ত বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের (উচ্চকক্ষ) ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৫১ থেকে ১৯৫৩ পর্যন্ত কলকাতায় তদানীন্তন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন এবং সেই সাথে সেখানে কূটনৈতিক কোরের ডিনের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৬২ থেকে ১৯৬৮ পর্যন্ত তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন। এই পদে তার নিরপেক্ষতার জন্য তিনি সর্বমহলে প্রশংসিত ছিলেন। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ডিরেক্টর ছিলেন। তিনি কিছুকাল অবিভক্ত বাংলার প্রধান ত্রাণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

তিনি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে তাকে দেয়া ব্রিটিশ সরকারের ‘খান বাহাদুর’ উপাধি পরিত্যাগ করেন। সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরী ছিলেন তার একমাত্র সন্তান। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সাবেক ব্যাংকার লায়ন আবুল কাশেম চৌধুরী তার দুই নাতি। বিজ্ঞপ্তি।