চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আগামী এক বছরের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তার দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একইসাথে চট্টগ্রামের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা-সহ সব উন্নয়ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।



