ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবল চলাকালে যুক্তরাজ্যজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় এক কোটি ৮০ লাখ পাউন্ড মূল্যের নকল ফুটবল জার্সি ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, এসব নকল জার্সি শুধু কপিরাইট লঙ্ঘনই নয়, ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকিও তৈরি করে। সিটি অব লন্ডন পুলিশের পুলিশ ইন্টেলেকচুয়্যাল ক্রাইম ইউনিট ‘অপারেশন ব্লক্সউইচ’-এর আওতায় এই অভিযান পরিচালনা করে। এতে দুই লাখ ২০ হাজারের বেশি নকল ফুটবলসংশ্লিষ্ট পণ্য উদ্ধার করা হয়। এক অভিযানে বার্মিংহামের একটি গুদাম থেকে এক হাজার ৬১৮টি নকল জার্সি জব্দ করা হয়, যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের নামসংবলিত জার্সিও ছিল।



