কুমিল্লা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এখনই আওয়ামী লীগের সাথে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।
গতকাল শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এনসিপি কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ ২৪-এর গণ-অভ্যুত্থানে ১৪ শ’র বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী, আওয়ামী লীগ হচ্ছে খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি নরপিশাচ।’
বিএনপির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপিকে এই মুহূর্তে আমরা চাঁদাবাজ বলতে চাই না। তবে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব, জমি দখল করলে দখলবাজ বলব। ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসা করলে মাদক ব্যবসায়ী বলব।’
এনসিপি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকবে দাবি করে সারজিস আলম বলেন, ‘আমাদের হয়তো চোখ তুলে নেয়া হবে, রক্তাক্ত করা হবে, তবুও আমরা ছাড় দেবো না। মানুষ আমাদের এখনো একটি কারণে পছন্দ করে- আমরা অন্যায়ের সাথে আপস করি না।’



