ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্ত স্বামীর মারধরে স্ত্রী মিম খাতুন (২০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মো: দিপু বিশ্বাসকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে শুভাঢ্যা জেলে পাড়ার ঝাউপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মিমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা থানার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে দিপু বিশ্বাসের সাথে তিন বছর আগে মিম খাতুনের বিয়ে হয়। তাদের ১৩ মাসের মানহা নামে একটি মেয়ে রয়েছে। তারা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে রেজাউল করিমের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
নিহতের মামা আব্দুস সালাম অভিযোগ করেন, কেরানীগঞ্জে আসার পর দিপু মাদকাসক্ত হয়ে পড়েন। রাত করে বাসায় ফিরে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। রোববার ভোর ৪টার দিকে মাদক সেবন করে বাসায় ফিরলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগি¦তণ্ডা হয়। এক পর্যায়ে দিপু মিমকে মারধর করেন। মিম অচেতন হয়ে পড়লে তিনি ঘটনা আড়াল করতে ওড়না দিয়ে জানালার সাখে ঝুলিয়ে রাখেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। এরপর তিনি আবার লাশ বাসায় নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
মিম খাতুনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানার পুরাতন বাখরবা গ্রামে। তার বাবার নাম আব্দুল হামিদ মোল্লা।
বাড়ির মালিক রেজাউল করিম বলেন, দিপু প্রায়ই গভীর রাতে বাসায় ফিরতেন। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘ দিন ধরে মাদক সেবন করতেন।



