আল-আরাফাহ্ ব্যাংকের ‘ইলমনেট’ সেবার প্রথম অংশীদার ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসা

Printed Edition

শরিয়াহভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইলমনেট এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর প্রথম অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসা। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একটি চুক্তি সই করেছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লাহ খান এবং ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ইলমনেট ইএমএস-এর আওতায় যুক্ত হওয়ার ফলে ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, উপস্থিতি ব্যবস্থাপনা, নোটিশ প্রদান, অভিভাবকদের সাথে যোগাযোগ এবং ফি আদায়সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনা করতে পারবে। পাশাপাশি ইসলামিক ওয়ালেট ও বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেনের সুবিধা নিশ্চিত হবে। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, মো: আমিনুল ইসলাম ভূঁইয়া, সৈয়দ আবুল হাশেম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।