নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের শো’কজ নোটিশের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। ঘোষণা অনুযায়ী, গত মঙ্গলবার শো’কজের জবাব দেয় আদ-দ্বীন কর্তৃপক্ষ। এরপর গতকাল সেই জবাবকে ‘ভেইগ’ (অস্পষ্ট) বলে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়েছেন তারা, এটা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয় বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপন না করে চার-পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে। বুলেট তথ্য দেয়ার পরিবর্তে অপ্রয়োজনীয় অনেক কথা-বার্তা লিখেছে আদ-দ্বীন কর্তৃপক্ষ, এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং আমরা মোটেও সন্তুষ্ট নই। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নিজেদের মধ্যে আলোচনা করে কী ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে, সেই বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কারণ দর্শানোর জবাবে ঠিক কি লিখেছে, জানতে চাইলে তিনি বলেন, আমি তো বললাম, আমরা সন্তুষ্ট হইনি। তারা অনেক কিছুই লিখেছে। ইচ্ছাকৃতভাবে করেনি এ ধরনের ব্যাখ্যা দিয়েছে। এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, গত ২৬ মে গভীর রাতের পর থেকে ২৭ মে সকাল বেলার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে এসি লিকেজের কথা বললেও পরে বলেছে অভিভাবকের কথায় রুমের এসি বন্ধ করে দিলে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার জন্য স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা নবজাতক রুমে (নিউবর্ন কেয়ার ইউনিট) অক্সিজেন কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়াকে প্রাথমিকভাবে দায়ী করেন।
এর আগে এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সিনিয়র আইনজীবী শিশির মনির, ‘মৃত ছয় নবজাতকের পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে আদ-দ্বীনে চাকরি দেয়া হবে, পরিবারের যোগ্য শিক্ষার্থীকে আদ-দ্বীন মেডিক্যালে কলেজে বৃত্তি দিয়ে পড়াশোর ব্যবস্থা করা হবে এবং পরিবারের সদস্যদের আজীবন ফ্রি চিকিৎসা দেয়া হবে (ওষুধ ছাড়া)। পরে ৭ জুন আদ-দ্বীনের আইনজীবী শিশির মনির প্রত্যেক মৃত নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা, প্রাথমিকভাবে ১০ লাখ দেয়ার ঘোষণা দেন।



