নয়া দিগন্ত ডেস্ক
দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পরপর দুইদিন ছয়জন করে শিশুর মৃত্যু হলো। ফলে চলতি বছর দেশে এ রোগে মোট মৃত্যু ৯৭৯ জনে পেঁৗঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে দুইজন করে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের বাসিন্দা। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩১ জন। এর মধ্যে এক হাজার ১৫৯ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৭২ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৪ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮০ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৫৯ হাজার ১৫০ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৯ হাজার ৩৮৪ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৭৮ হাজার ৫৩৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫১৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৫৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৫৪, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৭৫, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
সিলেটে ফের ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানান, একদিন মৃত্যুহীন থাকার পর সিলেটে ফের গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্য জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে এ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে।
এর আগে সোমবার (৩১ আগস্ট) কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় মৃত্যুর সংখ্যা ১৫২ জনে স্থির ছিল। একদিন পরই নতুন করে দুই শিশুর মৃত্যু হলো। ওসমানী হাসপাতালে মারা যাওয়া পাঁচ মাসের শিশু আয়ান সিলেট সদর উপজেলার এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া এক বছর দুই মাসের শিশু ইব্রাহিম হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।



