ক্রীড়া ডেস্ক
ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতার শেষ ষোলো পর্বের প্রথম লেগে দাপুটে জয় পেয়েছে স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ ইংল্যান্ডের শক্তিশালী দল ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে পরবর্তী পর্বে ওঠার পথে অনেকটা এগিয়ে গেছে মাদ্রিদের ক্লাবটি। ম্যাচের নায়ক উরুগুয়ের তারকা ফুটবলার ফেদেরিকো ভালভার্দে, তার হ্যাটট্রিকেই বড় জয় পায় ভিনিসিয়াসরা। শেষ ষোলোর অপর ম্যাচে ফরাসি জায়ান্ট পিএসজি ৫-২ গোলে চেলসিকে এবং বেডো/গ্লিমট ৩-০ গোলে স্পোর্টিং লিসবনকে পরাজিত করে। তবে জার্মান ক্লাব লেবারকুজেনের সাথে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল।
সান্তিয়াগো বর্নাব্যুতে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ম্যানচেস্টার সিটিকে। কোচ পেপ গার্ডিওলার শিষ্যরা বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ার চেষ্টা করলেও পাল্টা আক্রমণে বারবার বিপজ্জনক হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ।
২০ মিনিটে গোলের সূচনা করেন ভালভার্দে। গোলরক্ষক থিবো কুর্তোয়ার দীর্ঘ পাস ধরে ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে যান তিনি। পরে প্রতিপক্ষ গোলরক্ষক দোন্নারুম্মাকে পাশ কাটিয়ে সহজেই বল জালে পাঠান উরুগুয়ের এই তারকা।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। চোটের কারণে মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। তবে তাদের অনুপস্থিতিতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভালভার্দে।
প্রথম গোলের ৭ মিনিট পর আবারো আঘাত হানে স্বাগতিকরা। বাম দিক দিয়ে দারুণ গতিতে এগিয়ে যান ভিনিসিউস জুনিয়র। তার পাস থেকে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বল পান ভালভার্দে এবং জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের শেষ দিকে দ্রুত পাল্টা আক্রমণ থেকে তৃতীয় গোল পায় রিয়াল। ভিনিসিয়াসের আক্রমণ থেকে বল পান ব্রাহিম দিয়াজ। তিনি চমৎকারভাবে বল বাড়িয়ে দেন ভালভার্দের দিকে। রক্ষণভাগের খেলোয়াড়কে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুয়ের এই ফুটবলার।
বিরতির পর গোল শোধের চেষ্টা বাড়ায় ম্যানচেস্টার সিটি। তবে রিয়ালের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। উল্টো ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস না করলে পরাজয়ের ব্যবধান আরো বাড়তে পারতে সিটির। সব মিলিয়ে প্রথম লেগ শেষে বেশ সুবিধাজনক অবস্থানে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে ম্যানচেস্টার সিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
এ দিকে প্রথম লেগের অন্য ম্যাচে ফ্রান্সের ক্লাব পিএসজি নিজেদের মাঠে ইংল্যান্ডের চেলসিকে ৫-২ গোলে হারিয়েছে। পিএসজির হয়ে ব্রাদলে বারকোলা ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে চেলসির মালো গুস্তো ২৮ মিনিটে খেলায় সমতা ফেরান। এরপর উসমান দেম্বলের গোলো আবারো লিড পায় ফরাসিরা। ২-১ ব্যবধানে প্রধমার্ধের খেলা শেষ হয়। বিরতির পর এনসোর গোলে আবারো সমতায় আসে চেলসি। তবে ৭৪ মিনিটে ভিটিনহাতে ৩-২ তে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের ৮৬ ও ৯০+৪ মিনিটে খভিচা গোল করলে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি।
এ দিকে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট চমক দেখানো অব্যাহত রেখেছে। নিজেদের মাঠে পর্তুগালের স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে পরাজিত করেছে। বোডোর হয়ে সন্ড্রে ব্রুন স্টাড ৩২ মিনিটে, ওলে দিদরিক৪৫+১ এবং ক্যাসপার হগ ৭১ মিনিটে গোল করেন।
আরেক ম্যাচে জার্মানির বায়ার লেভারকুসেনের মাঠে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ লিগের শিরোপা প্রত্যাশী আর্সেনাল। ম্যাচের ৪৬ মিনিটে রবার্ট আনড্রিখের গোলে এগিয়ে যায় লেবারকুজেন। তবে ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভেরটজ।


