খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে একদল জেলের ওপর হামলা, মারধর এবং নৌকা ও মোবাইলফোন লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিশুরীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। বলরামপুর গ্রামের ভুক্তভোগী জেলে মো: মুজিবুর মিয়া বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২৪টি পরিবারের জেলেরা সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অভিযুক্তরা তাদের কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং ৩০ হাজার টাকা নগদ নেয়। গত ২৬ আগস্ট রাতে জেলেরা আবার মাছ ধরতে গেলে অভিযুক্তরা অতিরিক্ত দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আগের টাকা ফেরত চাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জেলেদের মারধর করা হয়। এ সময় নগদ টাকা, মোবাইল, দু’টি ইঞ্জিনচালিত নৌকা ও জালসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। তবে অভিযুক্ত আল আমিন ও আলী হোসেন টাকা দাবির বিষয়টি অস্বীকার করে জানান, ফিশারির ক্ষতি হওয়ায় তারা জাল ও নৌকা সাময়িক আটকে রেখেছেন। অন্য দিকে ইউপি সদস্য রইছ তালুকদার জানান, হাওরে আওয়ামী সরকারের আমলের একটি জলমহালের জের ধরে এই ঘটনার সূত্রপাত।



