বিনামূল্যে ২৫ কৃষক পেলেন তুলা চাষের উপকরণ

Printed Edition

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় তুলা চাষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল্েয প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাটুরিয়ার বরাইদ ইউনিয়ন পরিষদ সভাকে তুলা উন্নয়ন বোর্ড ঢাকা জোনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক কৃষিবিদ গাজী মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া তাবাসসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ। চলতি ২০২৬-২৭ মৌসুমে সাটুরিয়ায় ১০৮ হেক্টর জমিতে তুলা চাষের ল্যমাত্রা ধরা হয়েছে। আবাদ বাড়াতে এবার ২৫ জন প্রান্তিক চাষিকে এই প্রণোদনা দেয়া হচ্ছে। চাষিরা জনপ্রতি ৬০০ গ্রাম উন্নত জাতের তুলা বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি এমওপি সার ও বালাইনাশক পাচ্ছেন।

ইউএনও অনিক ইসলাম বলেন, বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল তুলার আমদানি নির্ভরতা কমাতে সরকার চাষিদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এ প্রণোদনা প্রান্তিক চাষিদের উৎপাদন খরচ অনেক কমিয়ে আনবে। সেই সাথে তুলাসহ বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদন করে এই উপজেলা থেকে তামাক চাষ চিরতরে বন্ধ করতে হবে।