নোয়াখালী অফিস
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে নোয়াখালীর চৌমুহনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ব্যাংকের চৌমুহনী শাখার কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের আধুনিক ও কল্যাণমুখী সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেনÑ ব্যাংকের নোয়াখালী জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন। তিনি ব্যাংকের গ্রাহকসেবার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ইসলামী ব্যাংকের ধারাবাহিক ভূমিকার কথা তুলে ধরেন। ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।
চৌমুহনী শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী কাছারি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কবির, চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির এবং বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল ও জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌমুহনী শাখার ম্যানেজার অপারেশন ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজ শাহ। সমাবেশে বক্তারা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে আরো সুদৃঢ় করার ওপর জোর দেন। সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।



