মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

Printed Edition

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, পাঁচ শতাংশ মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির অধিকার ও সিবিএ নির্বাচনের দাবিতে কুলাউড়ার কালিটি চা-বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকরা। চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টা থেকে এক ঘণ্টা কাজ বন্ধ রেখে শ্রমিকরা সমাবেশে অংশ নেন। বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের বাজারে ১৮৭ টাকা দৈনিক মজুরিতে বেঁচে থাকা অসম্ভব। প্রতিবছর মাত্র আট টাকা মজুরি বাড়ানো শ্রমিকদের সাতে উপহাসের শামিল। অবিলম্বে ন্যায্য ও সম্মানজনক ৫০০ টাকা মজুরি দিতে হবে।

বক্তারা আরো উল্লেখ করেন, প্রায় ২০০ বছর ধরে বসবাস করলেও চা-শ্রমিকদের নিজস্ব ভূমির মালিকানা নেই। ফলে নাগরিক অধিকার থেকেও তারা বঞ্চিত। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বায়ক এস এম শুভ বলেন, চা-শ্রমিকরা আজও আধুনিক দাসত্বের শিকার। নিজেদের মৌলিক ও নাগরিক অধিকার আদায়ের জন্য বাগানে বাগানে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাগানের সড়ক প্রদক্ষিণ করে।