ভাঙ্গা (ফরিদপুর) থেকে সংবাদদাতা
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার (মহিলা) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চম্পা আক্তার। তিনি উপজেলার ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একজন দক্ষ স্কাউটার (এএলটি)।
গত বুধবার অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি এই গৌরব অর্জন করেন। দীর্ঘ দিন ধরে চম্পা আক্তার নিষ্ঠার সাথে কাব স্কাউটিং কার্যক্রম পরিচালনা করছেন। তার নিয়মিত প্যাক মিটিং ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও শৃঙ্খলা গড়ে তুলতে ভূমিকা রাখছে। তার দক্ষ পরিচালনায় এ পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। কাবিংয়ের অংশ হিসেবে তিনি ভারত ও নেপাল সফর করেছেন। এর আগে ২০১৭ ও ২০২৩ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত হন।
চম্পা আক্তারের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিশিষ্টজনেরা। বিদ্যালয়ের কাব শিক্ষার্থী সানজামা ইসলাম ও তাসনিম হাসান জানায়, শিক্ষিকা চম্পা অত্যন্ত স্নেহশীল ও আন্তরিকতার সাথে তাদের নিয়মিত কাব প্রশিক্ষণ দেন। সহকর্মী মনিরুজ্জামান বলেন, চম্পা আক্তারের এই অর্জন বিদ্যালয় ও ভাঙ্গা উপজেলার শিক্ষা অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। উপজেলাবাসী আশা করছেন, জাতীয় পর্যায়েও তিনি এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন।



