নিজস্ব প্রতিবেদক
নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর মগবাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের সেবার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সিটি করপোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না বলে অভিযোগ করেন তিনি। ফলে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থীরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, মানবিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর নিরলসভাবে কাজ করছে। দেশের চিকিৎসা ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয় উল্লেখ তিনি বলেন, অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। জামায়াত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে। প্রতিটি মেডিক্যাল ক্যাম্পে চার হাজার থেকে পাঁচ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়েছে বলে জানান সেলিম উদ্দিন। এ কার্যক্রমের আওতায় প্রায় ৯০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে।
আয়োজকরা জানান, বৃষ্টিকে উপেক্ষা করে সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আতাউর রহমান সরকার। সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও জোবায়ের হোসেন রাজন।



