মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের নেতৃত্বে মাওলা সরকার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। মাওলা সরকার মহেশপুর গ্রামের মরহুম হাশেম সরকারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের চাচাতো ভাই আবদুর রহিম সরকার জানান, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নোয়াব সরকারের ছেলে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন ধরে আমার পরিবারের মেম্বার নির্বাচন ও সেচস্কিম নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব নিয়ে আগেই একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এগুলো নিয়ে মামলা চলমান। মঙ্গলবার রাত ৯টার দিকে মাওলাসহ আমরা কয়েকজন মহেশপুর বাজার থেকে বাড়িতে আসার পথে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা আলম, নানু মেম্বার, দেলোয়ার, মোজাম্মেলসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল পেছন থেকে মাওলার ওপর অতর্কিত হামলা চালায়। কোনোকিছু বুঝে ওঠার আগেই মাওলাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায়। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



