ময়মনসিংহে যুবককে কুপিয়ে ও বরগুনায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ডাকাতের হাতে গৃহবধূ এবং সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ময়মনসিংহে প্রকাশ্যে দিবালোকে এক যুবকককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বরগুনার বামনায় জমিজমা নিয়ে বিরোধে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। সিলেটের গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে ছোট ভাই। গাজীপুরের কালিগঞ্জে ডাকাতারে অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ।

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ নগরীর মাসকান্দায় প্রকাশ্য দিবালোকে একটি কম্পিউটারের দোকানে ঢুকে মো: রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাব্বী নগরীর মাসকান্দা হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে নিজের দোকানের আশপাশে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী দৌড়ে দোকানের ভেতরে ঢুকে পড়েন। কিন্তু হামলাকারীরাও তার পিছু নিয়ে দোকানে ঢুকে।

পরে তারা ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দোকানের ভেতরে ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাসপোর্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানের সামনে প্রকাশ্যে একটি দোকানে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বরগুনা প্রতিনিধি ও বামনা সংবাদদাতা জানান, বরগুনার বামনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে ডালিমা আক্তার বাদি হয়ে শনিবার সকালে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মধ্য আমতলী গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের পরিবারের সাথে প্রতিবেশী মো: হানিফ খাঁ ও তার স্ত্রী কহিনুর বেগমের বসতবাড়ির সীমানা নিয়ে গত চার-পাঁচ মাস ধরে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিষয়টি মীমাংসা হয়নি।

শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে প্রতিপক্ষ হানিফ খাঁ, তার স্ত্রী কহিনুর বেগম ও শ্যালক আলামিনসহ কয়েকজন অজ্ঞাতনামা লোক জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে রাজমিস্ত্রি নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। এ সময় মনোয়ারা বেগম ঘর থেকে বের হয়ে কাজ করতে নিষেধ করলে আসামিরা তাকে হুমকি-ধামকি দেয়। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় এবং কাঠের চেরা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।

আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা স্থান ত্যাগ করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর ১২ টার দিকে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

বামনা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষ করে। ময়নাতদন্তের জন্য লাশ ‘২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, বরগুনা’-এর মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মেয়ে ডালিমা আক্তার বলেন, পরিকল্পিতভাবে আসামিরা আমার মাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট দীঘিরপাড় গ্রামে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেলো ছোট ভাইয়ের।

শনিবার তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কলিম উল্ল্যাহর মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বড় ভাই ছয়ফুল্লাহর ছেলেকে পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশের সামনেই বড় ভাই ছয়ফুল্লাহ তার ভাই কলিম উল্ল্যাহকে (৪৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান ঘটনায় সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ডাকাত বেশে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপে কামরুন নাহার আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্বামী রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম (৪১) ও মেয়ে সানজিদা আক্তার মিম (১৬) গুরুতর জখম হয়েছেন। শনিবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা গায়েনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ১০-১২ জনের একটি দল মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের সাথে অবরুদ্ধ করে রাখে বলে স্থানীয়রা জানান। বাড়ির ভেতরে ঢুকে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলাম, তার স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও ঘটনাস্থলেই মারা যান কামরুন নাহার।

গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক দল একযোগে কাজ করছে। এটি নিছক হত্যাকাণ্ড নাকি ডাকাতির ঘটনা- সব দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি মো: জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্বৃত্তরা ডাকাতের বেশে হামলা চালিয়েছে, তবে বাড়ি থেকে টাকা-পয়সা বা স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি। ফলে এটি নিছক ডাকাতি কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

লংগদু (রাংগামাটি) সংবাদদাতা জানান, রাঙ্গামাটির লংগদু উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য মো: সুরুজ আলীকে (৫৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সুরুজ আলী উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (পূর্ব জালালাবাদ/রাজাপাড়া) বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন কিশোরীটি গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ঘোরাফেরা করছিল। এ সময় অভিযুক্ত সুরুজ আলী তাকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী হেলাল উদ্দিনের খামারবাড়ি নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে লংগদু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরই অভিযানে নেমে অভিযুক্ত সুরুজ আলীকে আটক করে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকাইন্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ গুইসাপকে খেতে দেখা গেছে।

বৃহস্পতিবার লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় ডোম দিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।