সেমিতে এইচপির প্রতিপক্ষ ভিক্টোরিয়া

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চূড়ান্ত হয়ে গেল অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ অ্যান্ড টি-২০ সিরিজের সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ এইচপি দল শেষ চার নিশ্চিত করেছিল আগেই। এরপর একে একে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাকাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’ দল। সেই সাথে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, হায়দরাবাদ কিংসম্যান অ্যাকাডেমি, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও হোবার্ট হারিকেন্স অ্যাকাডেমি। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় একটি সেমিফাইনাল এবং সকাল ৭টায় অন্য সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দল পয়েন্ট টেবিলের চতুর্থ দলের বিপক্ষে এবং তৃতীয় দল দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে। সে হিসেবে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমি। সমানসংখ্যক ম্যাচ খেলে সমান পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট আছে বাংলাদেশ এইচপি দলেরও। তবে রান রেটে কিছুটা পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে টাইগাররা।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এইচপির বিপক্ষে সেমিফাইনাল খেলবে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাকাডেমি একাদশ, তারাও ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্টের অধিকারী। তবে রান রেটে অ্যাডিলেড ও বাংলাদেশ এইচপির চেয়ে পিছিয়ে। এ দিকে নিউজিল্যান্ড ‘এ’, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও হায়দরাবাদ কিংসম্যান প্রত্যেকেই ছয় ম্যাচ খেলে তিনটি করে জয় পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে নিউজিল্যান্ড ‘এ’ দল চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। তাই সেমিফাইনালে শীর্ষে থাকা অ্যাডিলেডের মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্বে বাংলাদেশ পাঁচ উইকেটে হারিয়েছিল ভিক্টোরিযা একাদশকে। তা-ও ১৬ বল হাতে রেখে। সেমিতে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক ইরফান, ‘ম্যাচ বাই ম্যাচ ধরেই আমরা খেলেছি। এটাও গ্রুপ পর্বের ম্যাচ হিসেবেই দেখছি। অবশ্য একটি পার্থক্য তো রয়েছে। গ্রুপ পর্বে সুযোগ থাকে, সেমিতে কোনো সুযোগ নেই। সব বিভাগেই ভালো করতে মুখিয়ে আছে দল। আশা করছি সেমিতে উতরে ফাইনাল খেলব। একই দিনে ফাইনাল। চোখ তো শিরোপায়ই থাকবে।’