ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

Printed Edition
ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।

গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ মার্চ তিনি বগুড়ায় আসবেন বলে জানা গেছে।

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

বগুড়ায় এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি করা হয়েছে।

জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

জুমার পর শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর

বিশেষ সংবাদদাতা জানান, জুমার নামাজ শেষে গতকাল শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করল, ‘আংকেল, আপনি রোজা রাখেন?’

শিশুটির সাথে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি! আমি তো রোজা রাখি।’ শিশুদের সাথে একে একে হাত মেলান, আবার কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা রোজা রাখ?’

প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শিশু-কিশোররা সমস্বরে বলে, ‘আমরাও রোজা রাখি।’ শুক্রবার বনানীতে নৌবাহিনী সদর দফতরে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর জুমার নামাজ এই মসজিদেই আদায় করেছেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী এই মসজিদের জুমার নামাজ আদায় করেছেন। মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজখবর নেন। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে।

একজন শিশু প্রধানমন্ত্রীকে ‘আসসালামু আলাইকুম’ জানিয়ে বলল, ‘আংকেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।” প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ তাই।’ অপর পাশ থেকে আরেকজন শিশু বলল, ‘আংকেল, আমি সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’ প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সাথে এভাবে কুশল বিনিময়ে সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে উঠে। প্রধানমন্ত্রী শিশুদের সাথে হাত মেলান, তারা কেমন আছে জানতে চান।

পরে মসজিদ থেকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্লাহ হাফেজ’ বলেন। এই সময়ে শিশুরা বলে, ‘আংকেল, আমাদের জন্য দোয়া করবেন।’ প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে যান।