বিনোদন প্রতিবেদক
ইংরেজি, বাংলা (বিশেষত ফোক ও আধুনিক গান) গানে অনবদ্য শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন কেয়ার নতুন দু’টি নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। একটি গানের শিরোনাম ‘মর্জি’, লিখেছেন শাওন মাহমুদ, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। আরেকটি গান হচ্ছে সমান্তরাল, লিখেছেন নীলা নিক্কি, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। দু’টি গানেরই মিউজিক ভিডিওর কাজ দ্রুত শেষ হওয়ার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর একটি এবং আগামী পয়লা বৈশাখে আরেকটি গান শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। শারমিন কেয়া বলেন,‘ মৌলিক গান একজন শিল্পীর নিজস্ব সম্পদ, যে মৌলিক গান দিয়ে শিল্পী তার নিজস্বতা জানান দেয়। যে কারণে অনেক শিল্পীই মৌলিক গান প্রকাশে মনোযোগ দিয়ে থাকেন, আমিও এর ব্যতিক্রম নই। মর্জি এবং সমান্তরাল দু’টি গানেরই কথা ও সুর এক কথায় চমৎকার। শিল্পী হিসেবে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি শ্রোতা দর্শকেরও ভালো লাগবে। মর্জি গানটি ভ্যাকেসন মুডের সং আর সমান্তরাল হচ্ছে স্যাড রোমান্টিক ফোক ঘরানার সং। আমি ভীষণ আশাবাদী দু’টি গান নিয়েই।’ এদিকে স্টেজ শোতেও গত বছরের শেষপ্রান্ত পর্যন্ত বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন শারমিন কেয়া। গত বছরের ১৩ ডিসেম্বর কেয়া জাপানে গিয়েছিলেন। জাপানের ওসাকাতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে তিনি সঙ্গীত পরিবেশন করে মুগ্ধতা ছড়িয়ে এসেছেন। সেখানকার প্রবাসী বাংলাদেশীরা আবারো শারমিন কেয়াকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের আশ^াস দিয়েছেন। ১৯ ডিসম্বের দেশে ফেরার পর ২৩ ডিসেম্বর সৌদি আরবে যান। সেখানে ২৫ ডিসেম্বর স্টেজ শোতে সঙ্গীত পরিবেশনা শেষে ২৭ ডিসেম্বর দেশে ফিরেন শারমিন কেয়া। এদিকে নতুন বছরে কেয়ার স্টেজ শোর যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বনানী ডিওএইচএসে এক ঘরোয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে।



