লক্ষ্মীপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তফসিল ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।
গতকাল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে জেলা জামায়াত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ড. রেজাউল করিম বলেন, তফসিল ঘোষণার সাথে সাথেই এমপি প্রার্থী, জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এবং লক্ষ্মীপুরে ঘটে যাওয়া আরো অনেক ঘটনা প্রমাণ করে, নির্বাচনকে সামনে রেখে সহিংস পরিস্থিতি তৈরি হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, ‘যারা এসব করছে, তারা কি সত্যিই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়?’
তিনি আরো বলেন, প্রশাসনের একটি অংশকে মাঝে মাঝে একপেশে আচরণ করতে দেখা যাচ্ছে। মামলা নিতে গিয়ে ‘আরেক পক্ষও মামলা দেবে, নিজেদের মধ্যে সমঝোতা করুন’- এ ধরনের মন্তব্য অনাকাক্সিক্ষত ও নিরপেক্ষতার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে চরশাহী ইউনিয়নে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।



