ইন্ডিয়া টুডে
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের সাশ্রয়ী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে বিয়েতে আপাতত স্বর্ণ না কেনার পরামর্শ দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রোববার দেয়া এক বক্তব্যে মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় যেভাবে ঘরে বসে কাজ, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের অভ্যাস গড়ে উঠেছিল, এখন আবার সেগুলোকে গুরুত্ব দেয়ার সময় এসেছে। এতে জ্বালানির ব্যবহার কমানো সম্ভব হবে।
বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্ঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এতে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের ওপর চাপ বাড়ছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, মোদি বলেন, করোনার সময় আমরা ওয়ার্ক ফ্রম হোমসহ নানা পদ্ধতির সাথে অভ্যস্ত হয়েছিলাম। এখন জাতীয় স্বার্থে আবার সেই অভ্যাসগুলো চালু করা প্রয়োজন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। এর জবাবে তেহরান পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এর প্রভাব পড়ে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়।
এই প্রেক্ষাপটে মোদি বলেন, সারা বিশ্বেই জ্বালানির দাম বেড়েছে। পেট্রল ও ডিজেল আমদানিতে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তা সাশ্রয় করা সবার দায়িত্ব। একইসাথে তিনি বিয়েতে অন্তত এক বছর স্বর্ণ না কেনার আহ্বান জানান। তার মতে, এতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব হবে। এ ছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং কৃষকদের রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর কথাও বলেন তিনি। প্রাকৃতিক চাষাবাদের দিকে যাওয়ার ওপর জোর দিয়ে মোদি বলেন, এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কৃষিজমিও সুরক্ষিত থাকবে।



