নিজস্ব প্রতিবেদক
দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সিরাজগঞ্জ ও খুলনায় বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়াত্ব পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেয়ার চুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এরকম প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল দ্রুত চালু করতে দুই বেসরকারি উদ্যোক্তার কাছে লিজ দেয়া হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে এক দিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে অন্য দিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে। জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।
সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই, যেখানে সবাই এখন যে অবস্থায় আছে, তার থেকে ভালো থাকবে। সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণী-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা। বিদেশী বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী এ কথা জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশে বিদেশী বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়। তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা দরকার তা দেয়া হবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা বক্তব্য রাখেন। রাষ্ট্রায়াত্ব বন্ধ তিনটি পাটলকল চালু লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। রাষ্ট্রায়ত্ত বন্ধ তিনটি কারখানা হচ্ছে, সিরাজগঞ্জের জাতীয় থজুট মিলস লিমিটেড, খুলনার স্টার জুট মিলস লিমিটেড এবং প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড।
স্টিফেন কারপিনের সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময়ে স্টিফেন কারপিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহী বলেও জানান স্টিফেন কারপিন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোয়া কামনা : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমান বলেন, আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন। তিনি আরো বলেন, আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।



